
ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান বলেছেন, বিএনপি সবসময় স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত ‘কনকসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজের নির্বাচনী এলাকা প্রসঙ্গে হামিদুর রহমান বলেন, পুরান ঢাকা বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। বুড়িগঙ্গার দূষণ, ডেঙ্গুর ঝুঁকি এবং যত্রতত্র ছড়িয়ে থাকা রাসায়নিক গুদাম জনজীবনে বড় ধরনের ভোগান্তি সৃষ্টি করছে। নির্বাচিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি পুরান ঢাকার তীব্র গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। অনুষ্ঠানে সেরা প্রতিবেদনের জন্য কলেজের একদল তরুণ সংবাদকর্মীর হাতে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়।
